টাকার বিবর্তন: মেসোপোটেমিয়া থেকে চীনের ফ্লাইং মানি (পর্ব-১)

টাকা বা অর্থ কেবল পকেটে থাকা কিছু ধাতব বস্তু বা কাগজের টুকরো নয়। এটি মানব সভ্যতার বিশ্বাসের এক বিমূর্ত দলিল। অর্থনীতির ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, টাকা কোনো একক আবিষ্কার নয়, বরং এটি হাজার হাজার বছরের সামাজিক বিবর্তন, হিসাবের প্রয়োজন এবং প্রশাসনিক জটিলতার ফলাফল।

টাকার ইতিহাস নিয়ে তিন পর্বের ধারাবাহিক আর্টিকেলের এই পর্বে আমরা আলোকপাত করব সেই আদিম যুগে, যখন মানুষ প্রথম বুঝতে শুরু করেছিল যে বিনিময়ের জন্য কেবল পণ্য নয়, বরং একটি 'হিসাবের একক' প্রয়োজন।

মেসোপোটেমিয়ার উর্বর উপত্যকায় কাদা মাটির ট্যাবলেটে লেখা ঋণের হিসাব থেকে শুরু করে লিডিয়ার স্বর্ণমুদ্রা এবং সবশেষে চীনের রহস্যময় Flying Money বা কাগজি নোটের আবিষ্কার পর্যন্ত এই যাত্রায় আমরা টাকার বিবর্তনের এক রোমাঞ্চকর গল্প জানবো।

টাকার ইতিহাস ও বিবর্তনের গল্প
ছবি সংগৃহীত © Pexels

বিনিময় প্রথা ও ঋণের আদি ইতিহাস

অর্থনৈতিক ইতিহাসের পাঠ্যবইগুলোতে প্রায়ই একটি গল্প বলা হয়, টাকা আবিষ্কারের আগে মানুষ কেবল বিনিময় প্রথা বা Barter System ব্যবহার করতো। এই তত্ত্বে দাবি করা হয় যে, মানুষ একজন অন্যজনের পণ্যের সাথে সরাসরি নিজের পণ্য বদল করতো।

কিন্তু আধুনিক নৃতাত্ত্বিক এবং ঐতিহাসিক গবেষণা, বিশেষ করে ডেভিড গ্রেবার এবং মাইকেল হাডসনের মতো পণ্ডিতদের গবেষণা এই বিনিময় প্রথার ধারণাটিকে চ্যালেঞ্জ করেছে।

নৃতাত্ত্বিকরা যুক্তি দেন যে, ইতিহাসে এমন কোনো সমাজের অস্তিত্ব পাওয়া যায়নি যেখানে দৈনন্দিন অভ্যন্তরীণ লেনদেনের প্রধান মাধ্যম ছিল পণ্য বিনিময়। বরং আদিম সমাজগুলোতে মূলত উপহারের অর্থনীতি (Gift Economy)[1] এবং সামাজিক ঋণের একটি জটিল ব্যবস্থা কার্যকর ছিলো।

আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ মনে করতেন, বিনিময়ের অদক্ষতা দূর করতেই মুদ্রার উদ্ভব। কিন্তু ঐতিহাসিক প্রমাণ বলে যে, অর্থ বা টাকা আসলে একটি হিসাবের একক (Unit of Account) হিসেবে জন্ম নিয়েছিলো, বিনিময়ের মাধ্যম হিসেবে নয়।

প্রাচীন মেসোপোটেমিয়ায় বাজার অর্থনীতির বদলে একটি পুনঃবণ্টনমূলক অর্থনীতি প্রচলিত ছিল, যেখানে মন্দির এবং রাজপ্রাসাদগুলো ছিল সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। মানুষ তাদের উৎপাদিত শস্য বা গবাদি পশু মন্দিরে জমা দিত এবং বিনিময়ে তাদের পাওনা একটি কেন্দ্রীয় লেজার বা খাতায় লিখে রাখা হতো। এই যে কে কার কাছে কতটুকু ঋণী, এই হিসাবটাই ছিল অর্থের আদি রূপ ।